Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চৈতি নীট কম্পোজিট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন ঈদযাত্রার ঘরমুখো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালালে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে টিয়ার গ্যাস ছোঁড়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে সোনারগাঁ উপজেলার টিপুরদি এলাকা সংলগ্ন চৈত্র নীট কম্পোজিট নামে পোশাক কারখানাটির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা। বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের টিপুরদি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চালায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছাড়তে না চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, মে মাসের বেতন ও ঈদের বোনাস ঈদের ছুটির আগে পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ আশ্বাস দিয়েও বেতন বোনাস পরিশোধ করেননি। কারখানার মালিকপক্ষ পুরো বেতন দিতে অপারগতা প্রকাশ করায় শ্রমিকদের মধ্য ক্ষোভ সৃষ্টি হলে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে দুপুর থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়। সেখানে মালিকপক্ষের লোকজনও ছিলেন। পরে পুলিশ, বিজিবি ও র‍্যাব মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে, কোনো গুলি চালানো হয়নি।

এদিকে, এ নিউজ লেখার সময় মহাসড়কে যানজট নেই। তবে ঈদে ঘরমুখো মানুষের চাপ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button