সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
র্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা কঠোরভাবে দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ একাডেমি স্থাপনা ও কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন আইনের শাসনের ঘাটতির সুযোগে সন্ত্রাসীরা সেখানে প্রভাব বিস্তার করে আসছিল।
মন্ত্রী বলেন, সন্ত্রাসীরা মনে করছে তাদের আগের অবস্থান বজায় থাকবে, তাই তারা অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সন্ত্রাসী অভয়ারণ্য নির্মূল করবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, এটা অনুমান করতে পারি, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন ছিল না। দুর্বৃত্তায়নের একটা মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে আমরা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি। সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পেরেছে।



