মালদ্বীপে অসুস্থ কামালের পাশে বাংলাদেশ হাইকমিশন

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে গুরুতর অসুস্থ এক প্রবাসী বাংলাদেশি কর্মীর দেশে ফেরার সহায়তা করেছে বাংলাদেশ হাইকমিশন। মানবিক সহায়তার অংশ হিসেবে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম প্রবাসী কামাল হোসেনের হাতে দেশে ফেরার বিমান টিকিট তুলে দেন।
আজ সোমবার (২৫ মে) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় হাইকমিশনার বলেন, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সমস্যায় বাংলাদেশ হাইকমিশন সবসময় পাশে থাকবে। তিনি প্রবাসীদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা কামাল হোসেন দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসা ও পরিবারের সেবাযত্ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে তার বিমান টিকিট প্রদান করা হয়।
বিমান টিকেট হস্তান্তর কালে দূতাবাসের প্রথম সচিব মোঃ মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।
বাংলা টিভি / ব



