
বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় গভীর রাতে র্যাব ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয় বলে জানিয়েছে র্যাব।
রোববার (২৪ মে) দিবাগত রাত দুইটার দিকে আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য অন্তত তিনটি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে দেওয়া হয়।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, এটি ছিল পরিকল্পিত হামলা। ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো হলে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে রাস্তা কেটে দেওয়ায় অতিরিক্ত বাহিনী পৌঁছাতে বিলম্ব হয়। এরপরও অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। হামলার জন্য ইয়াসিন বাহিনীকে দায়ী করছে র্যাব।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর যান চলাচল ঠেকাতে রাস্তা ও কালভার্ট ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ফলে সদস্যদের গাড়ি দূরে রেখে হেঁটে ঘটনাস্থলে যেতে হয়।
জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও ভূমিদস্যুদের নিয়ন্ত্রণে ছিল। গত মার্চে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেখানে র্যাব ও পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌথ অভিযানে অনেককে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী এখনো পলাতক রয়েছে।



