কুয়েতে খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলা টিভি ডেস্ক: মধ্য এশিয়ার চলমান আঞ্চলিক ও ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতকে মানবিক সহায়তা হিসেবে ২৪০ টন শুভেচ্ছা খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।
সোমবার (২৫ মে) থেকে একাধিক বিশেষ ফ্লাইটের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানো শুরু হবে বলে জানানো হয়েছে।
সরকারি সূত্র অনুযায়ী, আঞ্চলিক অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থায় চাপের কারণে কুয়েতের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সহায়তা দেওয়া হচ্ছে। এটি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে একটি অফিশিয়াল চিঠি হস্তান্তর করা হয়। সেখানে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয় এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সফরে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। তারা কুয়েতের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, মানবিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি বিষয়ে আলোচনা করেন।
দুই দেশ ভবিষ্যতে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বলে জানানো হয়েছে।



