মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। রোববার (২৪ মে) এশার নামাজের পর হাজিরা তাবুর নগরী হিসেবে পরিচিত মিনার উদ্দেশে রওনা দেন। মিনায় যাত্রার আগে তারা ইহরামের কাপড় পরিধান করেন।
ইসলামী শরিয়াহ অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। পরে ৯ জিলহজ তারা আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে এ বছর হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।
খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। এরপর সন্ধ্যার পর তারা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাতযাপন করবেন।
পরদিন ১০ জিলহজ ফজরের আগে মুজদালিফা থেকে মিনায় ফিরে হাজিরা বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি ও মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করার মাধ্যমে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা শেষে হাজিরা সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন।
চলতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকেও প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী সৌদি আরবে গেছেন।
হজ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোতে নিয়োজিত বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিতে সব বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রমের ফলে হাজিরা স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে ইবাদত পালনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন মুসল্লি হজ পালন করেছিলেন। এর মধ্যে বিদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখের বেশি। এবার হজের মূল কার্যক্রম শুরুর আগেই সেই সংখ্যা অতিক্রম করায় ধারণা করা হচ্ছে, এবারের হজ গত বছরের তুলনায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।



