Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। আর এই অতিরিক্ত ভিড় ও টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে এবারও বসানো হয়েছে বাঁশের বেড়া।

শুক্রবার (২২ মে) দুপুরে স্টেশনে প্রবেশ করতেই এই চিত্র দেখা গেছে।

স্টেশন ঘুরে দেখা গেছে, প্রবেশপথের বিভিন্ন অংশে বাঁশ দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছে। নির্ধারিত পথ ছাড়া যাত্রীদের চলাচল সীমিত রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টিকিটধারী যাত্রীরা যেন নির্বিঘ্নে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেন, সেজন্য প্রতিটি প্রবেশপথে টিকিট যাচাই করা হচ্ছে।

এছাড়া প্ল্যাটফর্মের প্রবেশ মুখে র‍্যাব, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে৷

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই কমলাপুর স্টেশনে অতিরিক্ত মানুষের চাপ তৈরি হয়। অনেকেই টিকিট ছাড়া স্টেশনে প্রবেশের চেষ্টা করেন, এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই বাঁশের বেড়া ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীরা বলছেন, ভিড় থাকলেও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার কারণে কিছুটা স্বস্তি মিলছে। তবে ট্রেন ছাড়ার সময় প্ল্যাটফর্মে আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে এবং যাত্রীদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, টিকিটবিহীন যাত্রীরা যাতে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে এজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে। সিঙ্গেল লাইনে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে। মোট তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। বিনা টিকিটের কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না৷ স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button