পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

বাংলা টিভি ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার কথা বলে এক গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেফাতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে ) রাতে সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী আসলাম মিয়া। মামলার ১ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেফাতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফাতার তিনজন হলেন- লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭), মো. ইয়াসিন (২২)। তারা তিনজনই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জের সেন্টার গলির একটি ভাড়া বাসায় বসবাস করেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পরিচিত এক ব্যক্তি নাদিমের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন। পরে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে লিটন, ইউসুফ হোসেন ফারুক ও ইয়াসিন নামে তিন ব্যক্তি পাওনা টাকার বিষয়ে কথা বলার কথা বলে ওই গৃহবধূকে বাসা থেকে বাইরে নিয়ে যান। পরে তাকে জোর করে মোটরসাইকেলে করে তাঁকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি নির্জন স্থানে নেয়া হয়। সেখানে প্রথমে লিটন ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে লিটনের অন্য দুই বন্ধুও পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাস্থলে অন্যরা পাহারায় ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী বলেন, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন অভিযুক্তরা। পরে রাত ৯টার দিকে আমার স্ত্রীকে বাসার সামনে পৌঁছে দিয়ে যান। বাসায় ফিরে পুরো ঘটনা আমাকে জানায় আমার স্ত্রী। আমি ঘটনার সুষ্ঠু বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেয়া হয়েছে এবং এক ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেফাতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



