Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বগুড়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে পুলিশ লাইন্সজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে যেকোনো সময়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে পুলিশ লাইন্সের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশটি উদ্ধার করে নামানো হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এএসআই আরিফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button