Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক নবদম্পতির ব্যতিক্রমী বিয়ের আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রচলিত সাজসজ্জা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের বদলে তারা নিজেদের বিয়ের আসরকে রীতিমতো পেশাদার কুস্তির মঞ্চে পরিণত করেন। আর মজার শর্ত ছিল—যে হারবে, তাকে সারা জীবন ঘরের কাজ করতে হবে।

বর হি ইনশেং গুইঝোউ প্রদেশ-এর জুনি শহরের একজন পেশাদার রেসলার। মে মাসের শুরুতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত বিয়েতে তিনি ও তার স্ত্রী ঐতিহ্যবাহী মঞ্চের বদলে বসান একটি কুস্তির রিং। বিশাল পর্দাজুড়ে তখন ভেসে উঠছিল নাটকীয় পোস্টার—‘বর বনাম কনে’।

অনুষ্ঠানে নবদম্পতি নিজেদের দল নিয়ে ‘বেস্ট-অব-থ্রি’ কুস্তি প্রতিযোগিতায় অংশ নেন। শুরুতে অন্যান্য পেশাদার পারফরমাররা রিংয়ে বিভিন্ন কৌশল দেখান। পরে মূল আকর্ষণ হিসেবে বর-কনে নিজেরাই রিংয়ে নামেন। দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই কনে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং এক পর্যায়ে একটি ‘শোল্ডার থ্রো’ কৌশলে বরকে মাটিতে ফেলে দেন।

শেষ পর্যন্ত রেফারি কনেকেই বিজয়ী ঘোষণা করেন এবং মজার ছলে জানান, তিনি “সারা জীবনের জন্য ঘরের কাজ থেকে মুক্তি পেলেন”।

যদিও পুরো ম্যাচটি আগে থেকেই পরিকল্পিত ছিল, তবু অতিথিদের কাছে আয়োজনটি ছিল দারুণ উপভোগ্য। বর জানান, অনুষ্ঠানের সব পারফরমারই ছিলেন পেশাদার এবং পুরো আয়োজনেই নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।

পরবর্তীতে সংবাদমাধ্যমকে তিনি হাস্যরস করে বলেন, “শেষ পর্যন্ত তো আমাকেই হারতে হতো। তাকে দিয়ে ঘরের কাজ করাতে পারি নাকি!”

হি ইনশেং আরও জানান, বিয়ের খরচ কমানোর চিন্তা থেকেই এই অভিনব ধারণার জন্ম। গায়ক বা আলাদা বিনোদনের আয়োজনের বদলে তারা কুস্তি শো করার সিদ্ধান্ত নেন। তার স্ত্রীও এতে পুরোপুরি সমর্থন দেন। যদিও দুই পরিবারের অভিভাবকেরা শুরুতে বিষয়টি পুরোপুরি বুঝতে পারেননি, তবুও সন্তানদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।

প্রায় ৩০০ অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনটি এখন চীনে পেশাদার কুস্তিকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button