Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ছাগলকে কলাপাতা খাওয়ানো নিয়ে বিরোধ, সালিশে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছাগল দিয়ে কলাপাতা খাওয়ানোকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে সালিশ বৈঠকে মানিক মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিরা বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মানিক মিয়া ওই এলাকার আহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়ার ভাইয়ের একটি ছাগল পাশের বাড়ির কলাগাছের পাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে তালুচ পশ্চিমপাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে কাকরুল (২৮) লোহার রড দিয়ে মানিক মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত কাকরুল ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button