Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এই তিন দেশের নাগরিকদের ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে নিজেদের পাসপোর্টের বর্তমান অবস্থা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং একটি বিশেষ ঘোষণাপত্র জমা দিতে হবে।

সম্প্রতি ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন বিধান অনুযায়ী, ভারতের নাগরিকত্বের আবেদনকারী কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজের দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে তার বিস্তারিত তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এর মধ্যে পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার সময়সীমার তথ্যও দিতে হবে।

এছাড়া নতুন নিয়মে একটি গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত করা হয়েছে। নাগরিকত্ব পাওয়ার পর ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেওয়ার লিখিত অঙ্গীকার করতে হবে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালার ১সি তফসিলের পর একটি নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে। এই তফসিল মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারত সরকার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পাস করে। ওই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নথিপত্র ছাড়া ভারতে প্রবেশ করা অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছিল। নতুন এই বিধান সেই প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত ও কঠোর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button