Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সিনেমা নির্মাণে কোটি কোটি টাকা খরচ করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: সিনেমা শিল্পে বড় ধরনের বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আন্তর্জাতিক নির্মাতাদের আকৃষ্ট করতে এবার চলচ্চিত্র নির্মাণে আর্থিক প্রণোদনা ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। উৎসবের ‘মার্শে দু ফিল্ম’ সেশনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি।

মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির তথ্য অনুযায়ী, শুধু প্রণোদনার হার বাড়ানোই নয়, চলচ্চিত্র নির্মাতাদের জন্য অর্থ ছাড়ের প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহায়তা বণ্টন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনার কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এ ছাড়া রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ‘কালচারাল ডেভেলপমেন্ট ফান্ড’-এর সঙ্গে যৌথভাবে নতুন অর্থায়ন সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় চলচ্চিত্র প্রযোজনা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত নির্মাণ বাজেটের সীমা কিংবা বছরে সর্বোচ্চ কত অর্থ প্রণোদনা হিসেবে দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ফলে আন্তর্জাতিক প্রযোজকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।

সৌদি আরবের বিনোদন খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। দেশটির রাজস্ব বিভাগ গত বছর সিনেমা সংশ্লিষ্ট খাত থেকে প্রায় ১ বিলিয়ন ডলার আয় করেছে বলে জানা গেছে। নতুন বিনিয়োগ ও প্রণোদনার ফলে এই আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button