Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়া

চীন সফর শেষে ফোন-উপহার ফেলে বিমানে ওঠেন মার্কিন প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বেইজিং সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, সাইবার নিরাপত্তার ঝুঁকি এড়াতে সফরসঙ্গীদের ব্যক্তিগত মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে দেওয়া হয়নি। এর পরিবর্তে তাদের অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য ‘বার্নার ফোন’ সরবরাহ করা হয়। নিরাপত্তাজনিত কারণে বিদেশ সফরে এ ধরনের ফোন ব্যবহার করা হয়ে থাকে, কারণ এগুলোতে সীমিত তথ্য সংরক্ষিত থাকে এবং হ্যাকিংয়ের ঝুঁকিও তুলনামূলক কম।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ফেরার আগে ব্যবহৃত ওই ফোনগুলো ধ্বংস করে ফেলা হয়। পাশাপাশি চীনের পক্ষ থেকে দেওয়া স্মারক, ব্যাজ ও অন্যান্য উপহারও দেশে নেওয়া হয়নি। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই সেগুলো ফেলে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই কিছু নির্দিষ্ট দেশে সফরের সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আসছে। তাদের মতে, মোবাইল বা অন্যান্য যন্ত্রের মাধ্যমে গোপনে তথ্য সংগ্রহ, হ্যাকিং কিংবা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানোর আশঙ্কা থাকে। এমনকি বন্ধ থাকা ডিভাইসও নজরদারির আওতায় আসতে পারে বলে ধারণা করা হয়।

স্থানীয় সময় বুধবার বেইজিং পৌঁছালে চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাম্পকে স্বাগত জানান। ২০১৭ সালের পর এটিই তার প্রথম চীন সফর বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button