Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা

বাংলা টিভি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ‘ক্ষমতা সীমিত’ হওয়া এবং ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি গভীর সংকটে ছিল। ফলে রাতারাতি নতুন কোনো সংস্কারের চেয়ে ভেঙে পড়া ব্যবস্থাকে সামাল দিতেই তাদের বেশি মনোযোগ দিতে হয়েছে। দেড় বছরে সরকার কী করেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক দিনে সব পরিবর্তন হয় না। আমরা সব খারাপ করে আসছি, তা তো না। আমি দুটি শব্দ ব্যবহার করি—রিপেয়ার ও রিফর্ম। প্রথমে আমাদের রিপেয়ার (মেরামত) করতে হয়েছে, পরে রিফর্ম (সংস্কার)।”

তিনি উল্লেখ করেন, ব্যাংক খাত, পুঁজিবাজার, রাজস্ব প্রশাসনসহ অর্থনীতির প্রায় সব খাতেই চরম অস্থিরতা এবং রিজার্ভ সংকট ছিল। সরকারের আন্তরিক প্রচেষ্টায় এসব সূচকে এখন কিছুটা স্থিতি এসেছে।

ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, খারাপ আইন রেখে ভালো ফল আশা করা যায় না। এছাড়া দেশে সরকারি ও বেসরকারি উভয় খাতেই সুশাসনের তীব্র অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। জবাবদিহিতা না থাকায় ২ বছরের প্রকল্প শেষ হতে ১০ থেকে ১২ বছর লেগে যাচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে নতুন গ্যাস অনুসন্ধানে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় দেশের জ্বালানি খাত বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, স্পষ্ট দৃষ্টি ও সৎ উদ্দেশ্য থাকলে পরিবর্তন অনিবার্য। তিনি আইবিএর শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও পেশাগত উৎকর্ষ দিয়ে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তাগিদ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button