নেতাকর্মীদের লেনদেন ও আচরণে সতর্ক থাকতে হবে: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: নেতাকর্মীদের লেনদেন ও আচার আচরণে আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি বলেন, কারণ তাদের দিকে দুটি সার্চ লাইট তাক করা আছে। সাদা কাপড়ে একটু দাগ লাগলেই খবর আছে।
শুক্রবার দুপুরে রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্ক বার্তা দেন।
জামায়াত আমির নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের ভালোবাসা সমর্থন ছাড়া জোর করে আমরা কি এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে পারব? জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে, আমাদের কাছে দেশ, জাতি. দ্বীন নিরাপদ, সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন যে সব ঘাট এক জায়গায় মিলে যাবে। এই কাজটা আপনাকে আমাকেই করতে হবে ভাই। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘মনে রাখবেন, আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা এর আগে কেউ মনে করত না। মনে করত একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমকূপও সার্চ লাইটের বাইরে থাকবে না।’
নেতাদের উদ্দেশ্যে জামায়াত আমির সতর্কবার্তা দিয়ে বলেন, ‘দুইটা সার্চ লাইট আপনাদের দিকে তাক করা আছে। একটা আল্লাহর, আরেকটা জনগণের। এই দুইটাকেই সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যেন তাতে কোনো দাগ না লাগে। কারণ অল্প দাগ লাগলেও ভাসে বেশি। দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়। দাগ লাগলে খবর আছে কিন্তু।’



