Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে নির্মম নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. সাকির আলীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

আজ দুপুরে মাদ্রাসা শিক্ষককে আদালতে পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নির্যাতনের শিকার শিশু মো. নুর ই সাফি (০৯) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই আল হিদায়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসার ৩য় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত সাকির আলী একই মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ মে বুধবার সকালে ক্লাস চলাকালে শিশু শিক্ষার্থী নুর-ই সাফিকে কাঠের স্কেল দিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তাকে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং শূন্যে তুলে মেঝেতে আছড়ে ফেলে মাথায় আঘাত করা হয়।

ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব বলে। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে সেখানে নির্যাতনের ভয়াবহ দৃশ্য দেখতে পান বলে জানান।

ইতোমধ্যে সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে অন্য শিক্ষার্থীদের সামনেই শিশুটির ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই মাদ্রাসা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। এছাড়াও সিসিটিভি ফুটেজে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শিক্ষককে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button