Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

ধ্বংসস্তূপ থেকে ইট বানিয়ে গাজার দুই বোন পেলেন আন্তর্জাতিক পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে পুনর্ব্যবহার করে ইট তৈরির এক উদ্ভাবনী উদ্যোগের জন্য আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার পেয়েছেন দুই ফিলিস্তিনি কিশোরী। তারা হলেন ফারাহ মুসা ও তালা মুসা। মধ্যপ্রাচ্য অঞ্চলের আর্থ প্রাইজ বিজয়ী হিসেবে তারা নির্বাচিত হয়েছেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর বয়সী তালা এবং ১৫ বছর বয়সী ফারাহ বর্তমানে গাজার একটি তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধের কারণে তাদের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে।

তালা মুসা জানান, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তারা নতুন কিছু করার প্রয়োজন অনুভব করেন। সেই ভাবনা থেকেই ধ্বংসাবশেষ ব্যবহার করে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নেন তারা।

তাদের তৈরি ইট মূলত কংক্রিটের ভাঙা অংশ, মাটি, ছাই ও কাচের গুঁড়ো মিশিয়ে তৈরি করা হয়, যা তুলনামূলকভাবে হালকা এবং অস্থায়ী নির্মাণ কাজে ব্যবহারযোগ্য। প্রথমে তারা এসব ইট নিজেদের তাঁবুর কাঠামো মজবুত করতে ব্যবহার করেন, পরে পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিটি উন্নত করেন।

তালা বলেন, তারা ধ্বংসকে কেবল ক্ষতি হিসেবে না দেখে সেখান থেকেই নতুন কিছু গড়ে তোলার চেষ্টা করেছেন। তাদের কাছে এটি নতুন শুরুর প্রতীক।

এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে দুই বোন ১২,৫০০ ডলার পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকারও বেশি। তারা এই অর্থ দিয়ে স্থানীয় তরুণদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছেন বলেও জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button