ইরান যুদ্ধে চীনের সাহায্যের দরকার নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তিনি জানিয়েছেন, ইরান ইস্যুতে চীনের কোনো সহায়তার প্রয়োজন নেই ওয়াশিংটনের, যদিও বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
ওয়াশিংটন থেকে রওনা দেওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। একই সঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও ইরান ইস্যু আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে না।
ট্রাম্পের তিন দিনের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং হরমুজ প্রণালীর অচলাবস্থা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে।
সফরসূচি অনুযায়ী, ট্রাম্প বুধবার চীনে পৌঁছাবেন। পরদিন তিনি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন এবং শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাণিজ্য ইস্যু, তাইওয়ান প্রশ্ন এবং বৈশ্বিক নিরাপত্তা এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে।
দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং বিরল খনিজসহ বিভিন্ন পণ্যের রপ্তানি-আমদানি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসন চায় চীন যুক্তরাষ্ট্র থেকে আরও খাদ্যপণ্য ও বিমান ক্রয় করুক।
এদিকে সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিরোধ কমাতে একটি নতুন সমন্বয় কাঠামো গঠনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে।
তাইওয়ান ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। চীনের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিকল্পনা এই বৈঠকে আলোচনায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।



