Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বড় ভাইয়ের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

‎সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে বড় ভাই সোলেমান বিশ্বাসের সঙ্গে ছোট ভাই আমির বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আমির বিশ্বাস ধারালো অস্ত্র নিয়ে সোলেমান বিশ্বাসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় সোলেমান বিশ্বাসের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান। আহত সোলেমান বিশ্বাস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত আমির বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় এলাকায় বিশৃঙ্খল আচরণ করতেন। তার বিরুদ্ধে আগে থেকেও নানা অভিযোগ ছিল বলে দাবি করেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই অভিযুক্ত আমির বিশ্বাস পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button