‘মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেয়া হবে না’

আন্তর্জাতিক ডেস্ক: থালাপতি বিজয় বলেছেন, তামিলনাড়ুতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের ওপর নির্যাতন সহ্য করা হবে না। বিশেষ করে মুসলিমদের ওপর হামলা বা হয়রানির ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, আইনের আওতায় এনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখাকে তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন বিজয়। এর অংশ হিসেবে ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা টাসম্যাক পরিচালিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিক সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বাধীন দল টিভিকে নির্বাচনে জয় পেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনে। সরকার গঠনে কংগ্রেস, বামপন্থী দল ও মুসলিম লিগসহ কয়েকটি দলের সমর্থনও রয়েছে।
ক্ষমতা গ্রহণের পর তিনি বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী এবং মাদকবিরোধী ইউনিট গঠনের মতো বিভিন্ন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তবে মদের দোকান বন্ধের সিদ্ধান্তে রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।



