Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

অসহায় আখি-শ্যামল দম্পতিদের ঘর বানিয়ে দিলেন গ্লোবাল কিডস স্কুল

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে “গ্লোবাল কিডস স্কুল”। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এবার ঘরহীন আখি-শ্যামল দম্পতিকে নতুন একটি ঘর উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে পরিবারটির।

রোববার (১০ মে) বিকেলে টঙ্গীর রেলস্টেশন সংলগ্ন কেরানীর টেক বস্তিতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরটি হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে ছোট দুই শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন আখি-শ্যামল দম্পতি। ছালা ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করতেন তারা। বৃষ্টি বা ঝড় হলেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যের ঘরের নিচে আশ্রয় নিতে হতো পরিবারটির সদস্যদের। পরিবারটির এমন দুর্দশার কথা জানতে পেরে এগিয়ে আসে “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলটির পরিচালক মাহবুবুর রহমান জিলানী ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সার্বিক সহযোগিতায় রঙিন টিন, পিলার ও বাঁশ দিয়ে নির্মাণ করা হয় নতুন ঘরটি।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত আখি ও শ্যামল দম্পতি বলেন, “আমরা অনেক কষ্ট করে দিন পার করেছি। বৃষ্টি হলে বাচ্চাদের নিয়ে অন্যের ঘরের নিচে দাঁড়িয়ে থাকতে হতো। আজ আমাদের নিজের একটা ঘর হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

ঘর উদ্বোধন অনুষ্ঠানে গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল বলেন, “মানবতার সেবাই সবচেয়ে বড় কাজ। গ্লোবাল কিডস স্কুল যেভাবে অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল খালেক, সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক নুরুজ্জামান, সাংবাদিক আরিফ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের সামর্থ্যবান মানুষদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button