বিয়ে দিচ্ছে না পরিবার, পুলিশের কাছে পাত্র খুঁজে দেওয়ার আবেদন তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ-এর সরাই ইনায়ত এলাকার বাসিন্দা মাধুরী প্যাটেল পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে পুলিশের শরণাপন্ন হয়েছেন। একই সঙ্গে তিনি নিজের জন্য উপযুক্ত পাত্র খুঁজে দিয়ে বিয়ের ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন।
মাধুরীর অভিযোগ, বিয়ের খরচ এড়াতে তার পরিবার ইচ্ছাকৃতভাবে বিয়ে দিচ্ছে না। তিনি দাবি করেন, তার ভাই ও দুলাভাই একাধিক বিয়ের প্রস্তাব বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দিয়েছেন।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, তার ভাই কৌশলে পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন এবং এখন বোনের দায়িত্ব নিতে অনাগ্রহ দেখাচ্ছেন। গত দুই দশক ধরে তিনি একাই বসবাস করছেন এবং নিজের খরচ নিজেই বহন করছেন বলেও জানান।
তার ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের কাছ থেকে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। এ ঘটনায় বাবা, মা, ভাই ও দুলাভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন মাধুরী।
তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন, যেন তার জন্য একজন ভালো পাত্র খুঁজে সম্মানের সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হয়।
ঘটনাটি সামনে আসার পর স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



