মালয়েশিয়ায় ভারতীয় ও বাংলাদেশি ১০ অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা (APMM) কেলান্তান শাখা একটি অভিযানে ভারত ও বাংলাদেশের মোট ১০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
ঘটনাটি ঘটে কোটা ভারু-এর কামপুং কেদাই বুলোহ এলাকার কেলান্তান নদী তীরবর্তী অঞ্চলে। বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এপিএমএম কেলান্তান পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদ জানান, মানবপাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত একাধিক সমন্বিত অভিযানের অংশ হিসেবে ‘অপস নাগা’, ‘অপস দামাই’, ‘অপস পেলান্তান মেরাহ’ ও ‘অপস তিরিস’ নামের অভিযান চালানো হয়।
অভিযানে রাত দেড়টার দিকে সন্দেহজনক গতিতে চলা একটি নৌকা শনাক্ত করা হয়। পরে সেটিকে অনুসরণ করে নদীর তীরে অভিযান চালিয়ে ওই বিদেশি নাগরিকদের আটক করা হয়।
তবে আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিতভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মালয়েশিয়া অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



