
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাইজদী শহর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত আবুল খায়ের চরজুবিলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগী কিশোরী দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিল। এ কারণে গত ফেব্রুয়ারিতে তার দাদি চিকিৎসার জন্য তাকে শিক্ষকের কাছে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, কবিরাজি চিকিৎসার কথা বলে একপর্যায়ে ছাত্রীর দাদিকে বাইরে পাঠিয়ে দেন শিক্ষক। পরে সুযোগ নিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে। প্রথমে স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দেওয়ায় পরিবার মামলা করেনি। কিন্তু পরে কোনো ব্যবস্থা না নেওয়ায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দেয় এবং পুলিশ সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে।
এ ঘটনায় মামলা হওয়ার পর ভুক্তভোগীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত শিক্ষক এতদিন আত্মগোপনে ছিলেন।
চরজব্বর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্লীলতাহানি ও হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার আবুল খায়েরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



