ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ–এর বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর. এন. রবি। বৃহস্পতিবার (৭ মে) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্ত জানান। এর ফলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান মেয়াদেরও আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২(খ) ধারা অনুযায়ী ৭ মে ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়া হলো।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। এ অবস্থায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে পদত্যাগে অনড় অবস্থান নিয়েছিলেন।
রাজ্যপালের সিদ্ধান্তের মাধ্যমে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকাল আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠন করা হবে বলে জানা গেছে। বিজেপি জানিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী ৯ মে শপথ নিতে পারেন।



