
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. রুবেল ওরফে মাওরা রুবেলকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-২। বুধবার (৬ মে) রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একতা হাউজিং এলাকায় একদল ছিনতাইকারী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে ২/৩ জন পালিয়ে গেলেও চক্রের মূলহোতা রুবেলকে একটি ‘সামুরাই’সহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রুবেল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চাপাতি ও সামুরাইয়ের ভয় দেখিয়ে সাধারণ মানুষের মোবাইল, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
র্যাব আরও জানায়, গত ১১ এপ্রিল আদাবর এলাকায় একজন ডেলিভারি ম্যানকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার ঘটনায় রুবেল জড়িত ছিল। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রুবেলের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে র্যাব-২ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।



