Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

সাংবাদিক ও পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অভিনব কৌশলে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে চক্রটির সর্দারসহ মোট সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত ইজিবাইক ও অটোরিকশা, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করছিল। কৌশল হিসেবে তারা কখনও নিজেদের ডিবি পুলিশ, কখনও থানা পুলিশ, আবার কখনও সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। এরপর ভয়ভীতি দেখিয়ে ইজিবাইক বা অটোরিকশা ছিনতাই করত।

ঘটনার সূত্রপাত হয় গত ২৫ এপ্রিল, যখন এক ইজিবাইক চালক টিএমএসএস হাসপাতাল-এর সামনে যাত্রী নামানোর পর একজন ব্যক্তি নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে তার গাড়ি ছিনতাই করে নেয়। এ ঘটনায় ৫ মে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ-এর নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। ভোরে সদর উপজেলার চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুর মহানগরীর হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। এ সময় জাহিদুল ইসলামের দোকান থেকে ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়।

পুলিশের আরেক কর্মকর্তা হুসাইন মোহাম্মদ রায়হান জানান, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। তারা বগুড়ার বিভিন্ন এলাকা থেকে যানবাহন ছিনতাই করে রংপুরে নিয়ে বিক্রি করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button