Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

গণপিটুনিতে বাবা নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরে গণপিটুনিতে ট্রাকচালক নিহত হওয়ার ঘটনায় তার পরিবারে নেমে এসেছে চরম দুর্ভাগ্য। বিশেষ করে নিহত হান্নান শেখের দুই বছর বয়সী কন্যা মুসলিমা বাবা-মা দুজনকেই হারিয়ে একেবারে অসহায় অবস্থায় পড়েছে। এ পরিস্থিতিতে শিশুটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি পর্যায় থেকে।

মঙ্গলবার (৫ মে) সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান সাতৈর গ্রামে গিয়ে শিশুটির খোঁজখবর নেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিনি সেখানে গিয়েছেন এবং শিশুটির লালন-পালন ও সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তাৎক্ষণিকভাবে পরিবারের হাতে খাদ্যসামগ্রী, শিশু খাদ্য, খেলনা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

নিহতের বাবা সাইদ শেখ দাবি করেন, তার ছেলেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করেছেন এবং বিচার দাবি করেছেন। একই সঙ্গে বিভিন্ন নম্বর থেকে হুমকির কথাও উল্লেখ করেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও জানান, পরিষদের পক্ষ থেকে শিশুটিকে নিয়মিত সহায়তা দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, শিশুটির পরিবারের জন্য নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১ মে রাতে নগরকান্দা উপজেলা এলাকায় এক ট্রাকচালককে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে জনতা আটক করে গণপিটুনি দেয়, এতে তিনি নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button