
বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালী শহরে একটি বসতঘরের স্টিলের দরজা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। ঘটনায় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার (২ মে) ফারুক হাওলাদার বাসায় না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন মিস্ত্রি এনে ঘরের স্টিলের দরজা কেটে নিয়ে যায়। একই সঙ্গে ঘরে থাকা পরিবারের সদস্যদের বেঁধে রাখা এবং প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে পটুয়াখালী স্বেচ্ছাসেবক দলের পরিবেশবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটনকে কয়েকজনের সঙ্গে ঘটনাস্থলে যেতে এবং দরজার কাছে দাঁড়িয়ে নির্দেশনা দিতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। পরে দরজা খুলে নেওয়ার ঘটনাও ফুটেজে দেখা যায়।
ভুক্তভোগী ফারুক হাওলাদার বলেন, তিনি বাসায় না থাকার সময় এই ঘটনা ঘটে এবং পরিবারের সদস্যদের বেঁধে রাখা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম লিটন বলেন, এটি পারিবারিক জমি বিরোধের বিষয় এবং তিনি শুধু দেখতে গিয়েছিলেন, দরজা কেটে নেওয়ার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং কেউ দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী সদর থানার ওসি জানিয়েছেন, জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেয়েছেন এবং সিসিটিভি ফুটেজসহ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



