
বাংলা টিভি ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলা-তে আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোরচক্র। এক রাতেই সেচ কাজে ব্যবহৃত ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
শনিবার রাতে উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বিভিন্ন মাঠ থেকে এসব ট্রান্সফরমার চুরি হয়। পরদিন সকালে মাঠে গিয়ে কৃষকরা দেখতে পান, খুঁটিতে ট্রান্সফরমার নেই—শুধু খোলস পড়ে আছে।
স্থানীয়দের মতে, গভীর ও অগভীর নলকূপের সংযোগ থেকে ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায় চোরেরা। ভেতরের তামার তার ও মূল্যবান যন্ত্রাংশ নিয়ে গিয়ে খোলস ফেলে রেখে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইয়াদ আলী মন্ডল, সুলতান আলী সরদার, হাফেজ জরুল ইসলাম সুরুজ ও মিলন প্রামাণিকসহ একাধিক কৃষক। এর আগেও একই এলাকায় আরও কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, এমনিতেই কৃষি খরচ বেড়ে যাওয়ায় তারা চাপে আছেন। তার ওপর ট্রান্সফরমার চুরি হওয়ায় নতুন করে বিনিয়োগের চাপ পড়ছে। সেচ মৌসুমের আগে নতুন ট্রান্সফরমার কিনতে না পারলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নলডাঙ্গা জোনাল অফিসের এজিএম আবু তাহের জানান, ঘটনাটি জানার পর বিদ্যুৎ কর্মীদের পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের থানায় জিডি করতে হবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, চলতি মৌসুমে ইতোমধ্যে প্রায় ২০টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরে আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। চোরচক্রকে শনাক্ত করতে টহল জোরদার করা হয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



