Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

হাসপাতালে ডাক্তার আছে, রোগীও আছে, নেই রোগ নির্ণয়ের যন্ত্র

বাংলা টিভি ডেস্ক: খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় রোগ নির্ণয়ের যন্ত্রপাতির অভাবে রোগীদের ভোগান্তি বাড়ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে না পেরে অনেককেই প্রায় ১৪ কিলোমিটার দূরের খুলনা শহরে যেতে বাধ্য হতে হচ্ছে, ফলে সময়মতো চিকিৎসা দেওয়া ব্যাহত হচ্ছে।

হাসপাতালে একটি আল্ট্রাসাউন্ড মেশিন থাকলেও সেটি চালানোর জন্য প্রশিক্ষিত অপারেটর নেই। ফলে সপ্তাহে মাত্র একদিন একজন চিকিৎসক এটি ব্যবহার করেন। একই সঙ্গে এখানে এক্স-রে, জেনারেটর, এমআরআই কিংবা সিটি স্ক্যানের কোনো সুবিধা নেই। এ কারণে চিকিৎসকদের অনেক সময় অভিজ্ঞতার ওপর নির্ভর করেই রোগ নির্ণয় করতে হচ্ছে।

এছাড়া হাসপাতালের অবকাঠামোগত সমস্যাও রয়েছে। চারজন চিকিৎসকের বসার ব্যবস্থা থাকলেও বাকি আটজনকে জায়গার অভাবে সমস্যায় পড়তে হচ্ছে।

সুখদাড়া গ্রামের রোগী মিহির মণ্ডল জানান, অগ্ন্যাশয়ের প্রদাহ নিয়ে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসক দ্রুত আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দিলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি খুলনা শহরে গিয়ে পরীক্ষা করাতে পারছেন না। তার মতো আরও অনেক রোগী একই সমস্যায় ভুগছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান বলেন, চিকিৎসক ও সেবিকার ঘাটতি না থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ অপারেটরের অভাবে সেবা ব্যাহত হচ্ছে। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী আসায় জটিল রোগীদের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়, তাই তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

তিনি আরও জানান, হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটও রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button