Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্ত সংলগ্ন নাফ নদী থেকে সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মাছ শিকার শেষে ফেরার পথে নাফ নদীর মোহনা থেকে দুটি ডিঙি নৌকাসহ তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপহৃত জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া ও মো. হাসান। এছাড়া শাহপরীর দ্বীপ ডেইলপাড়া থেকে আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিমকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই পেশায় দরিদ্র জেলে এবং নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জেলেরা নাফ নদীতে জাল ফেলেছিলেন। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের গতিরোধ করে এবং নৌকাসহ সীমান্তের ওপারে নিয়ে যায়।

অপহৃত জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার কান্নায় ভেঙে পড়ে জানান, তাদের পরিবার অত্যন্ত গরিব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় তারা এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন। নৌকার মালিক আব্দু শুক্কুরও ঘটনার দ্রুত সুষ্ঠু সমাধান এবং অপহৃত জেলেদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ জানিয়েছেন, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নাফ নদীতে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরণের তৎপরতা চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button