Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়া

বৃষ্টির পানিতে এক রাতেই তলিয়ে গেল ৫ হাজার বই

বাংলা টিভি ডেস্ক: ভারতের বেঙ্গালুরু শহরের সুপরিচিত বইয়ের দোকান ‘দ্য বুকওয়ার্ম’ আকস্মিক বন্যায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে এক রাতেই দোকানটির প্রায় ৪ থেকে ৫ হাজার বই নষ্ট হয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শহরের ব্যস্ত চার্চ স্ট্রিট এলাকায় অবস্থিত দোকানটিতে হঠাৎ পানি ঢুকে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দোকানের ভেতরে বইগুলো পানির ওপর ভাসছে, আর বাইরে জমে আছে বৃষ্টির পানি ও শিলাবৃষ্টি।

দোকানটির মালিক কৃষ্ণা স্থানীয় গণমাধ্যমকে জানান, গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে সম্প্রতি দোকানে বিপুল পরিমাণ নতুন বই মজুত করা হয়েছিল। কিন্তু বন্যার কারণে সেই নতুন বইয়ের বড় অংশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এখন ক্ষতিগ্রস্ত বইগুলো রোদে শুকিয়ে পুনরুদ্ধারের চেষ্টা চলছে। যেগুলো আংশিকভাবে ব্যবহারযোগ্য, সেগুলো কম দামে বিক্রির পরিকল্পনাও রয়েছে। তবে অনেক বইই সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় আর ব্যবহারযোগ্য নয়।

দোকান কর্তৃপক্ষ আরও জানায়, আধুনিক প্রকাশনায় ব্যবহৃত পুনর্ব্যবহৃত কাগজের কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে। বিশেষ করে অ্যাস্টেরিক্স অ্যান্ড ওবেলিক্স-এর মতো চিত্রভিত্তিক কমিকস, যেগুলো তেলজাতীয় কাগজে ছাপা হয়, সেগুলো পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাঠকসমাজে ব্যাপক সহানুভূতি দেখা গেছে। অনেকেই ক্ষতিগ্রস্ত বই কিনে দোকানটিকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় বন্যার পর আয়োজিত ‘ওয়েট বুক ফেয়ার’র মতো উদ্যোগ নেওয়ার পরামর্শও দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button