তিন বছর আগে রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। নিউইয়র্ক স্থানীয় সময় ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার রাত ৮টায় (বাংলাদেশ স্থানীয় সময় ১ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ৭টা) মামলাটি দায়ের করা হয়। ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে দায়ের করা মামলায় আরসিবিসি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রিজার্ভ চুরির এই টাকা যাদের যাদের কাছে গিয়েছে তাদের আসামি করা হয়েছে। মামলায় ক্ষতিপূরণ হিসেবে রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ এবং মামলা পরিচালনা ও এ সংক্রান্ত খরচ চাওয়া হয়েছে।
আরসিবিসির পাশাপাশি কয়েকটি ক্যাসিনো ও অজ্ঞাত কয়েকজনকে মামলায় বিবাদী করা হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যার দিকে ম্যানহাটন সাউদার্ন ডিসট্রিক্ট আদালতে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ মামলা করে, যুক্তরাষ্ট্রের আইনি পরামর্শক প্রতিষ্ঠান কোজেন ও’কোনর।
এজন্য বাংলাদেশ ব্যাংকের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল নিউইয়র্কে অবস্থান করছেন। আইনি লড়াইয়ের মাধ্যমে চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়ার ১০ মাসের মধ্যে ৩ কোটি ৪৫ লাখ ডলার ফেরত আনা হয়। এর মধ্যে রিজার্ভ চুরির ঘটনা প্রকাশ পাওয়ার আগেই ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা থেকে ২ কোটি ডলার ফেরত আনা হয়। একই বছরের ১২ নভেম্বর ফিলিপাইন থেকে আরও ১ কোটি ৪৫ লাখ ডলার ফেরত আনা হয়েছে। পরবর্তী ২ বছরের বেশি সময়ে আর কোনো টাকা উদ্ধার করা যায়নি। ফলে ফিলিপাইনে থাকা অবশিষ্ট ৬ কোটি ৬৪ লাখ ডলার (৫৫৭ কোটি টাকা) এখনও ফেরত আনা সম্ভব হয়নি। কবে আনা যাবে কিংবা আদৌ আনা যাবে কিনা, তা নিয়েও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। তবে বাংলাদেশ ব্যাংক আশা করছে, যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করার মাধ্যমে এই অর্থ ফেরত পাওয়ার পথ তৈরি হলো।
বাংলাটিভি/কায়েস



