
বাংলা টিভি ডেস্ক: বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ESPNcricinfo-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তামিম বলেন, দায়িত্ব নেওয়ার শুরুতেই তিনি জানিয়েছিলেন যে, পরবর্তী নির্বাচনে সভাপতি পদে লড়বেন। তার ভাষায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তার দায়িত্ব এবং দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রাপ্য।
আগের বোর্ডের সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি দেশের ক্রিকেট কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল, যার প্রভাব খেলোয়াড়দের ওপরও পড়েছে। এমন পরিস্থিতি যাতে আবার না হয়, সে লক্ষ্যেই তিনি কাজ করতে চান। নির্বাচনে জয়ী হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তিনি।
নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তামিম জানান, অ্যাডহক কমিটিকে তিন মাস সময় দেওয়া হলেও এর আগেই নির্বাচন সম্পন্ন করার চেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, জাতীয় দলের অধিনায়ক ও বোর্ড সভাপতির দায়িত্ব এক নয়। অধিনায়ক হিসেবে যেখানে শুধু মাঠ ও খেলোয়াড়দের নিয়ে ভাবতে হয়, সেখানে বোর্ড সভাপতির দায়িত্ব অনেক বিস্তৃত—ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন, কোচিং স্টাফ ও প্রশাসনিক কাঠামো—সবকিছু নিয়েই সিদ্ধান্ত নিতে হয়।
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি পূর্বের বোর্ড ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে, যার মেয়াদ তিন মাস এবং এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের কথা রয়েছে।



