আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনের ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ ঘিরে এক সশস্ত্র হামলার চেষ্টার ঘটনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত কোল অ্যালেন নামের এক ব্যক্তির ইশতেহারের কিছু অংশ এক সাংবাদিক তুলে ধরায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
রোববার (২৭ এপ্রিল) সিবিএস নিউজের নোরাহ ও’ডোনেলের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন এবং বলেন, তিনি কোনো অনৈতিক বা অপরাধমূলক কাজে জড়িত নন। এক পর্যায়ে তিনি আবেগ নিয়ন্ত্রণ হারিয়ে বলেন, “আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি।”
ট্রাম্প অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে একজন “অসুস্থ” ব্যক্তির লেখা ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার দাবি, ওই ইশতেহারের ভাষা আসলে প্রয়াত জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত হিসেবে ব্যবহার করা হচ্ছে, যদিও সেখানে এপস্টাইনের নাম সরাসরি উল্লেখ ছিল না।
তিনি আরও বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি সব ধরনের অভিযোগ থেকে মুক্ত। বরং তিনি ডেমোক্র্যাটদের দিকে ইঙ্গিত করে বলেন, অতীতে এপস্টাইন বা অন্যান্য বিতর্কিত ঘটনায় তাদের পক্ষের লোকজনই বেশি জড়িত ছিলেন।
হামলাকারী কোল টমাস অ্যালেনকে ট্রাম্প “উগ্রবাদী” ও “খ্রিস্টান-বিদ্বেষী” হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, তার রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তনই তাকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে।
ট্রাম্প এই ধরনের রাজনৈতিক সহিংসতার জন্য ডেমোক্র্যাট নেতাদের “হেট স্পিচ” বা বিদ্বেষমূলক বক্তব্যকে দায়ী করেন। তার মতে, এ ধরনের বক্তব্য সমাজে অস্থিরতা তৈরি করছে।
তিনি আরও বলেন, এটি তার ওপর তৃতীয় দফার প্রাণনাশের চেষ্টা, তবে ঘটনার সময় তিনি ভয় পাননি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও পুরো পরিস্থিতি শান্তভাবে সামলেছেন বলে তিনি জানান।
সূত্র: এনডিটিভি



