
বাংলা টিভি ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও কম্পিউটার সামগ্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন চীনা নাগরিক—ওয়াং গুওফেং ও ঝাং হাইবিন—এবং তাদের সঙ্গে জড়িত বাংলাদেশি সহযোগী দেলোয়ার রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের ৫৭টি স্মার্টফোনসহ মোট ১২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং কিছু কম্পিউটার র্যামও জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ মনসুর জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



