হোয়াইট হাউসের ডিনারে গুলি, সরিয়ে নেওয়া হয়েছে ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের ভেতরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, ট্রাম্প খাবারের টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। একই সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও মঞ্চ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। পরে জানা যায়, তারা দুজনই নিরাপদে আছেন।
প্রাথমিক খবরে বলা হয়েছে, একজন বন্দুকধারী হোটেলে ঢুকে গুলি চালায়। কিছু সূত্রে দাবি করা হয়েছে, হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে, যদিও এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।
সূত্র: আলজাজিরা



