Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাশিক্ষা

স্কুলের খাবারে গন্ধ পেলেন প্রতিমন্ত্রী, ল্যাবে পাঠালেন স্যাম্পল

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে মিড-ডে মিলের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সন্দেহজনক গন্ধ পাওয়ায় খাবারের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয়ের মিড-ডে মিলের খাবারের মান পর্যবেক্ষণ করেন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ঘুরে দেখেন। খাবারের মান নিয়ে ঠিকাদারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করে তিনি সতর্ক করেন, মানোন্নয়ন না হলে কার্যাদেশ বাতিল করা হতে পারে।

পরিদর্শনের সময় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা বনরুটিতে অস্বাভাবিক গন্ধ সন্দেহ হওয়ায় দুটি নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে মিড-ডে মিলের মান পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে শিশুদের জন্য সরবরাহ করা খাবারে কোনো ত্রুটি না থাকে এবং তারা নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত হয়।

তিনি বলেন, পাওয়া অভিযোগগুলো সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে মন্ত্রিসভাও উদ্বিগ্ন। প্রয়োজন হলে পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।

এছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমান্তরাল কারিকুলাম প্রণয়নের কাজ চলছে বলে জানান তিনি। ইংলিশ ও অন্যান্য আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কারিকুলাম আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নরসিংদীর একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে মিড-ডে মিল পরীক্ষা করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button