প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু

অবশেষে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
শুক্রবার (২৪ এপ্রিল) তিনি জানান, প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন।
৭৬ বছর বয়সী এই নেতা বলেন, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করানোর পর তার শরীরে ক্যানসারজনিত একটি ছোট টিউমার ধরা পড়ে। তবে সেটি খুব প্রাথমিক স্তরের ছিল এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।
তিনি আরও জানান, ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিষয়টি এতদিন প্রকাশ করা হয়নি। সংঘাত চলাকালে যেন এটি নিয়ে কোনো ধরনের অপপ্রচার না হয়, সেজন্য তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্ব করেছিলেন।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় তিনি জানান, চিকিৎসার মাধ্যমে সমস্যাটি পুরোপুরি দূর হয়েছে এবং তিনি এখন “চমৎকার” শারীরিক অবস্থায় রয়েছেন।
নেতানিয়াহু বলেন, চিকিৎসকেরা তাকে দুটি বিকল্প দিয়েছিলেন—একটি হলো তাৎক্ষণিক চিকিৎসা নেওয়া, অন্যটি হলো এটি নিয়েই জীবনযাপন করা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে তিনি দ্রুত চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি দাবি করেন, জেরুজালেমে চিকিৎসার মাধ্যমে টিউমার সম্পূর্ণ অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তার শরীরে ক্যানসারের কোনো চিহ্ন নেই।
বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের শারীরিক অবস্থা সম্পর্কে এই তথ্য জানান।



