
রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ‘ভূঁইয়া পরিবহন’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মিড আইল্যান্ডে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন শ্রমিক নিহত হন, যারা সেখানে রোড ডিভাইডারের কাজ করছিলেন।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি মহাখালী থেকে উত্তরা যাচ্ছিল। পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি আইল্যান্ডে উঠে যায় এবং সেখানে কাজ করা শ্রমিকদের চাপা দেয়।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।



