হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরোপিত টোল থেকে প্রথমবারের মতো রাজস্ব আয় করেছে ইরান।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই জানিয়েছেন, এই টোল থেকে পাওয়া প্রথম অর্থ ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে। তবে কীভাবে এই অর্থ আদায় করা হয়েছে বা কোন জাহাজগুলো এই টোল পরিশোধ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাধারণ সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে, ফলে এখানে যেকোনো পরিবর্তন বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান সীমিত সংখ্যক জাহাজকে এই পথ ব্যবহার করতে দিচ্ছে এবং টোল আরোপের বিষয়টি নিয়ে আগেই আলোচনা চলছিল। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচল আগের মতো সহজ হবে না।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প-সহ পশ্চিমা দেশগুলো এই প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার জন্য চাপ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সামরিক ও নীতিনির্ধারকরা এ বিষয়ে আলোচনায় যুক্ত রয়েছেন।



