
কুমিল্লার হোমনা উপজেলায় মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে নিজের পরিবারের পক্ষ থেকেই আইনগত ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কলাকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব তার মাদকাসক্ত ছেলে হাবিবুল্লাহ-কে স্থানীয়দের সহযোগিতায় আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাবিবুল্লাহ মাদকাসক্ত হয়ে পড়েছিলেন এবং মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এতে অতিষ্ঠ হয়ে পরিবার শেষ পর্যন্ত তাকে আইনের হাতে তুলে দেয়।
পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের। আদালত অভিযুক্তের অপরাধ স্বীকারের পর তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম চলমান থাকবে। এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



