
বগুড়ার শাজাহানপুর উপজেলায় একাধিক মামলার আসামি রকি (৩২) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (দুপুরে) উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রকি শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর আগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
তবে নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে ঘটনাস্থলে ডেকে এনে হত্যা করা হয়েছে।
কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতসহ একাধিক মামলা রয়েছে। ঈদের আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।
শাহাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে তার মোটরসাইকেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।” ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।



