বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী

তথ্যপ্রযুক্তি খাতে বড় ধরনের কর্মসংস্থান ও ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সরকার নতুন একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে।
জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান লিখিত প্রশ্নের জবাবে জানান, দেশে বহুল আলোচিত অনলাইন পেমেন্ট গেটওয়ে PayPal চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে ফ্রিল্যান্সিং ও উচ্চপ্রযুক্তি খাতে ব্যাপক প্রশিক্ষণ ও আইডি কার্ড ব্যবস্থার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে সরকারি আইডি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে কয়েক হাজার ফ্রিল্যান্সার এই কার্ড পেয়েছেন। পাশাপাশি তরুণদের জন্য তথ্যপ্রযুক্তি অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং (ML) এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR)সহ উচ্চপ্রযুক্তিতে হাজারো তরুণকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইটিক্স, সাইবার সিকিউরিটি ও মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্যও আলাদা প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে।
সরকার বলছে, এসব উদ্যোগের মাধ্যমে ডিজিটাল দক্ষতা বাড়িয়ে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান শক্তিশালী করাই মূল লক্ষ্য।



