
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ঢাকা–টোকিও রুটে বিমান ফ্লাইট আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি বলেন, এই রুটটি আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা অন্তর্বর্তীকালীন সময়ের একটি সিদ্ধান্ত ছিল। তবে নতুন করে পর্যালোচনার পর দেখা গেছে, রুটটি লাভজনক হওয়ায় এটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুন মাস থেকেই ঢাকা থেকে টোকিও ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় স্লট ও সময়সূচি চূড়ান্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে যাত্রীসংখ্যা বাড়লে রুটটি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
এদিকে হজ ফ্লাইট বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চলমান হজ ফ্লাইট নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
বিমান বহর সম্প্রসারণ প্রসঙ্গে তিনি জানান, নতুন বিমান লিজ নেওয়া এবং ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার কয়েকটি নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা করছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে। তার মতে, বহর বড় হলে বিমান আরও লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সব মিলিয়ে বিমান ব্যবস্থাপনায় রুট পুনরায় চালু ও বহর সম্প্রসারণের মাধ্যমে আয়ের দিকটি শক্তিশালী করার চেষ্টা চলছে বলে জানান তিনি।



