‘দেশে জ্বালানি তেলের সংকট নেই, মূল সমস্যা চাহিদা ভীতি’

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে সমস্যা নেই। তিনি বলেন, মূল সমস্যা হচ্ছে হঠাৎ জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত আছে। জ্বালানি তেলের মজুত বা সরবরাহে খুব বড় সংকট নেই। আরও জাহাজ আসছে। সমস্যা হচ্ছে চাহিদা ভীতি অথবা ব্যবসা। কোনো কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। সুতরাং জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। সংকট আসলে মুলত সেখান থেকে হচ্ছে।’
তিনি আরও বলেন, সবাই বৈশ্বিক সংকটে রয়েছে। তবে জ্বালানি দাম বাড়ায় যতটা কম ক্ষতি করে কম ভাড়া বাড়ানো যায় সেই চেষ্টা করবে সরকার। জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও সে অনুযায়ী সমন্বয় করা হবে।
দুই মাসে সরকার ব্যাংক থেকে ৭৩ হাজার কোটি টাকা লোন নিয়েছে, এরফলে চ্যালেঞ্জ বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, সরকার ব্যাংক ঋণ নেওয়ার কারণে তার প্রভাব জনগণের উপর নিশ্চয়ই পড়বে। তবে এখনো এটি রেড জোন পর্যায়ে চলে যায়নি। সরকার যদি লোন নেয়, সেটি জনগণের কল্যাণেই নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করার জন্য নগরের ৮টি স্থানে সরকার নৈশবাজার স্থাপনের চিন্তা করছে।
তিনি আরও বলেন, শুধু বাংলাদেশেই নয়, মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাংশসহ বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন করা যায় কিনা; আগামী নববর্ষের আগেই এ ব্যাপারে পরিকল্পনা নেয়া হবে। পুরো বৈশাখ জুড়েই নববর্ষের নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।



