Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়অন্যান্যবাংলাদেশ

মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা

বাংলা টিভি ডেস্ক: জেলা সদরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর আগমন ও বিদায়ের স্থানে অভ্যর্থনা এবং বিদায় সংবর্ধনা জানাবেন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা। তবে, জেলা সদরে উপস্থিত থাকার জন্য ডিসি বা এসপি নিজের সরকারি সফর বাতিল বা পরিবর্তন করার প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ইচ্ছা প্রকাশ করলে ডিসি বা এসপি তার সফরসূচি বাতিল করবেন।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের প্রটোকল সংক্রান্ত নির্দেশাবলি জারি করা হয়েছে, যা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়।

এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট এ বিষয়ে জারি করা নির্দেশাবলির জায়গায় নতুন নির্দেশাবলি প্রতিস্থাপিত হবে বলেও নতুন নির্দেশনায় জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের বিদেশ গমন ও দেশে ফেরার সময় মন্ত্রণালয় বা বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরকালে মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনস্থলে মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর একান্ত সচিব উপস্থিত থাকবেন।

উপজেলা সদর বা উপজেলার অন্য কোনেও স্থানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর সফরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। আবশ্যক না হলে জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের এক্ষেত্রে উপস্থিত থাকার প্রয়োজন নেই।

কোনো জেলা বা উপজেলায় আগমন বা প্রস্থানের সময় আশেপাশের জেলার বিমানবন্দর বা রেলস্টেশন ট্রানজিট হিসেবে ব্যবহৃত হলে সেখানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের উপযুক্ত প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার সদর দফতরে উপস্থিত থাকলে মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর আগমনের পর সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারেন।

মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এসপি নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রেলযোগে ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ সুপার তৎক্ষণাৎ সংশ্লিষ্ট রুটের সকল পুলিশ স্টেশন বা ফাঁড়িকে জানাবে।

যে স্টেশনে ট্রেন থেকে নামবেন এবং ট্রেনে পুনরায় উঠবেন বা কোনো জংশনে ট্রেন বদলের প্রয়োজন হবে সেসব স্থানে পুলিশের একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর উপস্থিত থাকবেন। এছাড়াও রেলযোগে চট্টগ্রামে গমন ও প্রস্থানের সময় সেখানে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার উপস্থিত থাকবেন।

মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের সফরসূচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যথাসময়ে পাঠাতে হবে।

সফরসূচিতে কোনো পরিবর্তন হলে তাও যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানাতে হবে। সার্কিট হাউজ বা সরকারি রেস্ট হাউজ ছাড়া নিজ বাড়ি কিংবা অন্যত্র অবস্থানের ক্ষেত্রেও প্রটোকল সংক্রান্ত বিদ্যমান নির্দেশাবলি প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট জেলার এসপি নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সফরসূচি প্রণয়নের সময় সফরটি সরকারি না ব্যক্তিগত তা মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের দফতর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে। সরকারি সফরের সময় মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের জন্য যানবাহন ও বাসস্থানের ব্যবস্থা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button