বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এরফানুর রহমান (৩২) নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এরফানুর ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এরফানুর রহমান ঢাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন; কিন্তু তাকে বিয়ে না করে গত ১০ এপ্রিল অন্য এক নারীকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী গত ১৪ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার দুপুরে তাকে গ্রেফতার করে।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে রোববার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।



